
মানুষের মতো নিজের শারীরিক কষ্টের কথা বলতে না পারলেও চিকিৎসার প্রয়োজনে ঠিকই পশু হাসপাতালে হাজির হয়েছে একটি হনুমান।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এই অবাক করা ঘটনা ঘটে।
ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার জানান, কোনো এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির পেছনের অংশে কোপ দিয়েছিল। সেই ক্ষত নিয়ে ব্যথায় কাতর হনুমানটি বেশ কিছুদিন ধরে চিকিৎসার জন্য হাসপাতাল খুঁজে বেড়াচ্ছিল। প্রাণিসম্পদ দপ্তরে আসার আগে হনুমানটি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঝিকরগাছা থানায়ও গিয়েছিল। অবশেষে আজ সে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সন্ধান পায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হনুমানটি প্রথমে হাসপাতালের চিকিৎসার শেডে থাকা টেবিলের ওপর গিয়ে বসে। কিন্তু সেখানে স্বাচ্ছন্দ্য বোধ না করায় সে সরাসরি ফার্মেসি কক্ষে প্রবেশ করে। সেখানে বিভিন্ন ওষুধের প্যাকেট খুলে নাকের কাছে নিয়ে গন্ধ শুঁকতে শুরু করে এবং কিছু ওষুধ খেয়ে ফেলে। এরপর চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়ার ইশারা করলে সে শান্ত হয়ে বসে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ হনুমানটির চিকিৎসা করেন। ভায়োডিন দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করার সময় হনুমানটি অত্যন্ত শান্ত ও ধীরস্থির ছিল। চিকিৎসকদের মতে, হনুমানটির আচরণ ছিল ঠিক একজন বাকপ্রতিবন্ধী মানুষের মতো।
হনুমানের এই বুদ্ধিমত্তা ও মানুষের কাছে সাহায্য চাওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ