চট্টগ্রাম শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে ইরানি প্রতিনিধি দল, পথে জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক

১১ এপ্রিল, ২০২৬ | ১০:৫৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি সপ্তাহের শেষ দিকে নির্ধারিত শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ইরান রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী, এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী আকবর আহমাদিয়ান এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুল নাসের হেমমতি। এছাড়া প্রতিনিধি দলে ইরানের পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্যও রয়েছেন।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ‘ফ্লাইট রাডার ২৪’ জানিয়েছে, ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দুটি বিমান— আইআরএএন০৪ এবং আইআরএএন০৫— ইসলামাবাদের নিকটবর্তী একটি বিমানঘাঁটিতে অবতরণ করেছে। বিমান দুটি ইরান থেকে উড্ডয়ন করে আফগানিস্তানের আকাশসীমা দিয়ে পাকিস্তানে প্রবেশ করে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনার নেতৃত্ব দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পাকিস্তানের পথে রয়েছেন। তার বহনকারী বিমান ‘এয়ার ফোর্স টু’ বর্তমানে জ্বালানি নেওয়ার জন্য প্যারিসে যাত্রাবিরতি করছে। হোয়াইট হাউস প্রেস পুল জানিয়েছে, যাত্রা এখন পর্যন্ত নির্বিঘ্ন রয়েছে। যুক্তরাষ্ট্র ত্যাগের সময় ভ্যান্স সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি এই আলোচনার ব্যাপারে অত্যন্ত আশাবাদী এবং এর জন্য মুখিয়ে আছেন।

দীর্ঘদিন ধরে চলা চরম উত্তেজনার পর পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় এই শান্তি আলোচনা আয়োজিত হতে যাচ্ছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট