চট্টগ্রাম শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

আমানত সুরক্ষা বিল: ব্যাংক বন্ধ হলে গ্রাহক পাবেন 'আগেরও দ্বিগুণ' টাকা

আমানত সুরক্ষা বিল: ব্যাংক বন্ধ হলে গ্রাহক পাবেন ‘আগেরও দ্বিগুণ’ টাকা

অনলাইন ডেস্ক

১০ এপ্রিল, ২০২৬ | ৬:১২ অপরাহ্ণ

আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এবং দেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদি আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাস হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

 

২০০০ সালের পুরনো আইন রহিত করে পাস হওয়া এই নতুন আইনের ফলে এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আমানতকারীরা আগের তুলনায় দ্বিগুণ অর্থ বীমা সুরক্ষা হিসেবে পাবেন।

 

বিলের প্রধান আকর্ষণ হলো আমানত বীমার সীমা বৃদ্ধি। বর্তমানে প্রতিটি আমানতকারীর জন্য এই সুরক্ষার পরিমাণ ১ লাখ টাকা থাকলেও নতুন আইনে তা বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ, কোনো সদস্য প্রতিষ্ঠান অবসায়নে গেলে বা বন্ধ হলে একজন আমানতকারী কেন্দ্রীয় ব্যাংকের সুরক্ষা তহবিল থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। তবে আমানতের পরিমাণ এই সীমার বেশি হলে বাকি টাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লিকুইডেটরের কাছে দাবি জানানো যাবে।

 

নতুন আইনে প্রথমবারের মতো ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও (এনবিএফআই) এই সুরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদ্যমান ও নতুন সকল আর্থিক প্রতিষ্ঠানকে ১ জুলাই, ২০২৮ সালের মধ্যে এই ব্যবস্থার সদস্য হতে হবে। আমানতকারীদের দ্রুত পাওনা পরিশোধ নিশ্চিত করতে দাবি নিষ্পত্তির প্রক্রিয়াও সহজ করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ জারির ১০ কর্মদিবসের মধ্যে আমানতকারীদের তালিকা জমা দিতে হবে এবং পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক অর্থ পরিশোধ করবে।

 

আর্থিক ব্যবস্থার ওপর জনগণের আস্থা বাড়াতে এই আইন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ এই সুরক্ষা তহবিলের ট্রাস্টি বোর্ড হিসেবে দায়িত্ব পালন করবে এবং প্রতি তিন বছর পর পর এই সুরক্ষার সীমা সরকার পর্যালোচনা করতে পারবে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট