
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় কক্সবাজারগামী ট্রাকটি। এতে ছিটকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক আরোহীর। অপর আরোহীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে নিহত ও আহত কারো পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কিছুক্ষণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সালাহ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত হয় নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর