
সামাজিক সংহতি, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সংস্থা ইপসা ও রূপান্তর’র যৌথ আয়োজনে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় ‘সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক সংগঠনের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক জেলা পর্যায়ের এই সভাটি সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার। স্বাগত বক্তব্য দেন রূপান্তরের প্রোগ্রাম পরিচালক নজরুল ইসলাম বাচ্চু এবং ইপসার পরিচালক মোহাম্মদ শাহজাহান। ধারণাপত্র উপস্থাপন করেন ইপসার হেড অব এডভোকেসি মো. আলী শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফ উদ্দিন বলেন, সমাজে পারস্পরিক সহমর্মিতার অভাব রয়েছে এবং গুজব যাচাই না করেই ছড়িয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনক। তিনি পরিবার থেকেই সামাজিক সংহতি গড়ে তোলার আহ্বান জানান।
সহকারী কমিশনার (এনজিও সেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান মীম বলেন, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠ তুলে ধরার সুযোগ তৈরি না হলে তারা সহজেই গুজবের শিকার হন।
সভায় অন্য বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সমাজে সহমর্মিতা, সুশাসন ও সঠিক তথ্যপ্রবাহের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে, যা দূর করতে সরকারি-বেসরকারি ও নাগরিক উদ্যোগের সমন্বিত প্রয়াস জরুরি।
বক্তারা আরো বলেন, দেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। নানা ধর্ম, বর্ণ, গোত্র ও পেশার মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা প্রতিষ্ঠা ছাড়া টেকসই শান্তি নিশ্চিত করা সম্ভব নয়। তারা সুশাসন প্রতিষ্ঠা, তথ্য যাচাই করে প্রচার এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক, প্রশাসনের কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি এবং তরুণ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ