চট্টগ্রাম সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

রাজধানীর আশুলিয়ায় বয়লার দুর্ঘটনায় প্রাণ হারালেন মিরসরাইয়ের ফরহাদ

রাজধানীর আশুলিয়ায় বয়লার দুর্ঘটনায় প্রাণ হারালেন মিরসরাইয়ের ফরহাদ

মিরসরাই সংবাদদাতা

৬ এপ্রিল, ২০২৬ | ৯:৪১ অপরাহ্ণ

রাজধানীর আশুলিয়ার জিরাবো এলাকায় একটি ডাইং কারখানায় বয়লার দুর্ঘটনায় দগ্ধ হয়ে ৯ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন ফরহাদ হোসেন (৩৮) নামের এক যুবক।

 

সোমবার (৬ এপ্রিল) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত ফরহাদ হোসেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামের মৃত রফিকুল ইসলামের বড় ছেলে। তিনি আশুলিয়ার ‘ট্যাক্সটাউন ডাইং অ্যান্ড গার্মেন্টস’-এ প্রায় ১৪ বছর ধরে বয়লার পরিচারক হিসেবে কর্মরত ছিলেন।

 

পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে গত ২৮ মার্চ কর্মস্থলে যোগ দেন ফরহাদ। ওই দিনই বয়লারে ‘ডি-স্কেলিং’ করার সময় ম্যানহোল খুলতে গিয়ে বয়লারের ভেতরের ভ্যাকুয়াম ও কেমিক্যাল ব্যাক করে তিনি গুরুতর দগ্ধ ও আহত হন। ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ তাকে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। সেখানে ৯ দিন লড়াই করার পর সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

নিহতের মামা ও মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল কবির জানান, ফরহাদ তার মা-বাবার পাঁচ সন্তানের (৩ ছেলে ও ২ মেয়ে) মধ্যে দ্বিতীয় এবং ছেলেদের মধ্যে সবার বড় ছিলেন। তার সাড়ে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের বড় ছেলেকে হারিয়ে তার মা ও স্বজনরা বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন।

 

বাংলাদেশ বয়লার পরিচারক অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, খবর পেয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে লাশের আইনি প্রক্রিয়া সম্পন্ন ও বাড়িতে পাঠানোর জন্য সার্বিক সহযোগিতা করা হয়েছে। ফরহাদের মৃত্যুর খবর পেয়ে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমানসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা হাসপাতালে ছুটে যান।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট