চট্টগ্রাম সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ছাড় নয়: সীতাকুণ্ডে ডিজেল জব্দের পর ডিসি

কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ছাড় নয়: সীতাকুণ্ডে ডিজেল জব্দের পর ডিসি

সীতাকুণ্ড সংবাদদাতা

৩০ মার্চ, ২০২৬ | ৭:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট সিডিএ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার লিটার অবৈধ মজুতকৃত ডিজেল জব্দ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

 

সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিডিএ আবাসিক এলাকায় আনোয়ার ও জাহেদ নামে দুই ‘কালো তেল’ ব্যবসায়ীর যৌথ মালিকানাধীন একটি তেলের ডিপোতে এই বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুত রাখা হয়েছিল। দেশে চলমান জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে প্রশাসনের দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

অভিযানকালে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন এবং যমুনা অয়েলের এজিএম ক্যাপ্টেন শেখ জাহেদ আহমেদ।

 

এছাড়াও র‍্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য অভিযানে সক্রিয় অংশ নেন।

 

অভিযান শেষে জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ব্যবসার আড়ালে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে, তারা প্রকৃত ব্যবসায়ী নয়।

 

তিনি আরও জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এই ঘটনায় আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট