চট্টগ্রাম শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় মাদ্রাসার ছাদ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়ায় মাদ্রাসার ছাদ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৮ মার্চ, ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের আহমদীয়া ইসলামিয়া মাদ্রাসার ছাদ থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (২৮ মার্চ) বিকেলে মাদ্রাসার ছাদে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

 

ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।

 

এই ঘটনায় ভিকটিমের খালার আবেদনের প্রেক্ষিতে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

 

মাত্র ১০ বছর বয়সী একটি শিশুর এমন মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। বর্তমানে এই সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট