
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আল্লাহ তায়ালা সম্মান দেওয়ার মালিক। আমি মামলা না করলে হয়তো আজ মেয়র হিসেবে আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। আল্লাহর ইচ্ছাতেই আমি মেয়র হয়েছি।
শনিবার (২৮ মার্চ) বিকেলে পটিয়ার হযরত চিকন খলিফা সিদ্দিক আহমদ আলিয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের মেয়র হওয়ার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে এবং আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আজ তিনি এই দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। এ জন্য তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্যে মেয়র বর্তমান বিশ্বকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর যুগ হিসেবে উল্লেখ করে বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আন্তর্জাতিক মানের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষ হয়ে উঠতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা পুরস্কার পেয়েছে, তাদের এই সাফল্য ধরে রাখতে কঠোর পরিশ্রম অব্যাহত রাখতে হবে। আর যারা পায়নি, তাদের হতাশ না হয়ে দ্বিগুণ উদ্যমে সামনে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, যুগে যুগে মনীষী ও কামেল পীরগণ ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের আদর্শ অনুসরণ করে সমাজ গঠনের আহ্বান জানান তিনি।
পরিশেষে, তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ এবং পবিত্র কোরআনের আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ রেজাউল করিম নেছার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, পটিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জুলি প্রমুখ।
পূর্বকোণ/সিজান/পারভেজ