চট্টগ্রাম রবিবার, ০১ মার্চ, ২০২৬

জামায়াতের ইফতারে যোগlদান নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর ফেসবুক পোস্ট ভাইরাল

জামায়াতের ইফতারে যোগlদান নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর ফেসবুক পোস্ট ভাইরাল

অনলাইন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:১৮ অপরাহ্ণ

রাজধানীর আগারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়ে রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতাদের সঙ্গে হওয়া আলাপচারিতা নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী। মুহূর্তেই তার এই সরস ও ইঙ্গিতপূর্ণ পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

নাসিরুদ্দিন পাটোয়ারী তার পোস্টে উল্লেখ করেন, ইফতার মাহফিলে তিনি জামায়াতে ইসলামীর আমীরকে উদ্দেশ্য করে বলেন, “আমার জন্য দোয়া করবেন।” জবাবে আমীর তাকে বলেন, “তোমার জন্য দোয়া ও দাওয়াত দুইটাই রইলো”।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে আলাপচারিতায় তিনি বলেন, “বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল।” জবাবে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেন, “এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে”।

পোস্টটিতে অন্যান্য নেতাদের সঙ্গে কথোপকথনও হুবহু তুলে ধরা হয়েছে। ড. আব্দুল মঈন খানকে তিনি জিজ্ঞেস করেন, “কেমন আছেন?” উত্তরে মঈন খান বলেন, “ভালো আছি, বাসায় আসবেন”।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের কাছে একটি হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, “শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন।” মন্ত্রী জবাবে বলেন, “সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে”।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাসের সঙ্গে তার খুনসুটি নিয়ে। নাসিরুদ্দিন তাকে বলেন, “ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন,” এবং তাকে নিজের বাসায় ইফতারের দাওয়াত দেন। ইফতার শেষে বিদায় নেওয়ার সময় মির্জা আব্বাস তাকে উদ্দেশ্য করে বলেন, “দুষ্টুমি করবা না।” জবাবে নাসিরুদ্দিন পাটোয়ারী পাল্টা উত্তর দেন, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন”।

শীর্ষ নেতাদের সঙ্গে এমন খোলামেলা ও ঘরোয়া আলাপচারিতার বিষয়টি নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট