চট্টগ্রাম শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

ফিলিস্তিন ভূমি দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের

ফিলিস্তিন ভূমি দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের

অনলাইন ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:৫৫ অপরাহ্ণ

অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড অবৈধভাবে দখলের লক্ষ্যে ইসরায়েল সরকারের নতুন ভূমি ক্রয় আইনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি (OIC) নির্বাহী কমিটির সভায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই তীব্র প্রতিবাদ জানান।

 

সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো আল কুদস আল শরিফসহ ফিলিস্তিনি ভূমির আইনি ও জনতাত্ত্বিক বৈশিষ্ট্যকে জোরপূর্বক পরিবর্তন করা। ইসরায়েল সরকার পরিকল্পনা করেছে যে, ফিলিস্তিনিরা মালিকানা প্রমাণ করতে না পারলে পশ্চিম তীরের বিশাল এলাকাকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণা করা হবে।

 

একে ‘দখলের নতুন রূপ’ হিসেবে অভিহিত করে খলিলুর রহমান বলেন, এটি ফিলিস্তিনি ভূমি মালিকদের জন্য গভীর ভীতি ও হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

ওআইসির বৈঠকে বাংলাদেশ স্পষ্টভাবে জানায় যে, এ ধরনের পদক্ষেপ সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। পররাষ্ট্রমন্ত্রী আবারও ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেন, যেখানে পূর্ব জেরুজালেম হবে রাজধানী। এছাড়া তিনি গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার নিঃশর্ত প্রবেশের জোরালো দাবি জানান।

 

সভায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিবসহ বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন