চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর ছেলেরও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় শাওন (১৬) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, শাওনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। মঙ্গলবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে হাসপাতালে এই পরিবারের আরও চারজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ নিয়ে এ ঘটনায় দু’জনের মৃত্যু হল ।

এর আগে এই আগুনের ঘটনায় শাওনের মা নুরজাহান আক্তার রানী মারা যান।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। তার শরীর ১০০ শতাংশ দগ্ধ ছিল।

উল্লেখ্য, সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন এলাকায় হালিমা মঞ্জিল নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার রান্নাঘরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট ৯ জন দগ্ধ হন।

অন্য দগ্ধরা হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), শিপন (৩০), সুমন (৪০), আনাস (৭), আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫)। তাদের মধ্যে পাখি এবং সাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের ৮০, একজনের ৪৫ এবং বাকিদের শরীর ২০- ২৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট