চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

আমরা ভোটের নয়, মানুষের পাশে থাকার রাজনীতি করি: ডা. শাহাদাত

আমরা ভোটের নয়, মানুষের পাশে থাকার রাজনীতি করি: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পবিত্র রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয় এবং এই মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই সিটি করপোরেশনের প্রধান লক্ষ্য।

 

তিনি আরও উল্লেখ করেন যে, তারা কেবল ভোটের রাজনীতি করেন না, বরং মানুষের বিপদে পাশে থাকার রাজনীতি করেন এবং সাধারণ মানুষের ইফতারের টেবিলে খাবার পৌঁছে দেওয়াকে একটি নৈতিক দায়িত্ব হিসেবে দেখেন।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চকবাজার ডিসি রোড গনি কলোনির মাঠে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ওই এলাকার প্রায় দেড় হাজার অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও ছোলাসহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

ডা. শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে একটি ‘মানবিক চট্টগ্রাম’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নগরীর প্রতিটি সচ্ছল ব্যক্তির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অসহায় প্রতিবেশীর পাশে দাঁড়ান। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে চট্টগ্রামের কোনো মানুষ রমজানে অনাহারে থাকবে না”। এছাড়া তিনি বাকলিয়াসহ পুরো নগরীর জনজীবনে স্বস্তি ফেরাতে নিজের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনে সাংসদ মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন এনে মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।

 

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সামর্থ্যবানদের প্রতি প্রতিবেশীর খোঁজ রাখার অনুরোধ জানিয়ে বলেন, এই ক্ষুদ্র প্রয়াস নিম্নবিত্ত মানুষের মুখে হাসি ফোটাবে এবং এই মানবিক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী মো. এমরান উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মহিউদ্দিন মিজানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন, গাজী মো. সিরাজ উল্লাহ, আনোয়ার হোসেন লিপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট