চট্টগ্রাম রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

ডোর টু ডোর ময়লা সংগ্রহে আর টাকা দিতে হবে না: মেয়র শাহাদাত

ডোর টু ডোর ময়লা সংগ্রহে আর টাকা দিতে হবে না: মেয়র শাহাদাত

অনলাইন ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ‘ডোর টু ডোর’ ময়লা সংগ্রহের কার্যক্রমে নগরবাসীকে আগামী মার্চ মাস থেকে আর কোনো টাকা দিতে হবে না বলে ঘোষণা করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) নগরীর হালিশহর এইচ ব্লকে একটি খেলার মাঠ ও ওয়াকওয়ে উদ্বোধনকালে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

মেয়র জানান, আগে বেসরকারি বা ঠিকাদারি ব্যবস্থায় ময়লা সংগ্রহের জন্য নাগরিকদের অতিরিক্ত টাকা দিতে হতো, যা নিয়ে অনেকের অভিযোগ ছিল এবং অনেকেই এই টাকা দিতে রাজি হতেন না। এখন থেকে সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তুকি দিয়ে এই কার্যক্রম পরিচালিত হবে। বর্তমান ভেন্ডারদের সাথে চসিকের নিজস্ব কর্মচারীদের সমন্বয় করে দেওয়া হবে। মেয়র নগরবাসীকে নিয়মিত ময়লা দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, এর ফলে মশার উপদ্রব কমবে এবং পরিবেশও পরিষ্কার থাকবে।

অনুষ্ঠানে মেয়র আরও উল্লেখ করেন, দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে চসিকই প্রথম হালিশহরে ময়লা থেকে বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বর্তমানে এটি ফিজিবিলিটি স্টাডির শেষ পর্যায়ে রয়েছে এবং সফল হলে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব হবে। চসিকের এই নতুন সিদ্ধান্তে এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা গেছে এবং সাধারণ মানুষের আর্থিক চাপ কমবে বলে তারা আশা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট