চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

রমজানে বাজার নিয়ন্ত্রণে অভিযান: চট্টগ্রামে ২১ প্রতিষ্ঠানকে জরিমানা

রমজানে বাজার নিয়ন্ত্রণে অভিযান: চট্টগ্রামে ২১ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৪৪ অপরাহ্ণ

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কক্সবাজারের পেকুয়া, মহেশখালী ও চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিভিন্ন উপজেলায় পৃথক এসব অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে মোট ২১টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পেকুয়া উপজেলার চৌমুহনী ও পেকুয়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম নুরুল আখতার নিলয়ের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপণ্যের অতিরিক্ত দাম আদায় এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৫টি মুদি দোকান, ২টি ফলের দোকান ও ১টি মিষ্টির দোকানকে মোট ৪ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান। অভিযানে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং সড়কে যানজট সৃষ্টিসহ বিভিন্ন অপরাধের দায়ে ১০টি মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ইউনুস মেহের টাইলসকে ১০ হাজার, মেসার্স পাল স্টোরকে ৫ হাজার এবং মেসার্স জনপ্রিয় ও এস.বি. স্টোরকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

মহেশখালী উপজেলার গোরকঘাটা ও বড় মহেশখালী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম ও সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার। এ সময় বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪টি দোকানে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযান শেষে কর্মকর্তারা জানান, রমজান মাসে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্য আদায় রোধে জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের যথাযথভাবে মূল্য তালিকা টাঙানো এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির কঠোর নির্দেশনাও প্রদান করা হয়।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট