চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রামে প্রথম সাইকেল ট্র্যাক: পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয় মেয়র শাহাদাতের

চট্টগ্রামে প্রথম সাইকেল ট্র্যাক: পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয় মেয়র শাহাদাতের

অনলাইন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে পতেঙ্গা সমুদ্র সৈকত ও বিমানবন্দর সংলগ্ন সড়কে চট্টগ্রামের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

 

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিমানবন্দর এলাকায় চলমান সড়ক নির্মাণ কার্যক্রম পরিদর্শনকালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এই ঘোষণা দেন।

 

মেয়র বলেন, নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ এবং আধুনিক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় রাস্তার মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড, দুইপাশে দৃষ্টিনন্দন ফুটপাত এবং একপাশে ল্যান্ডস্কেপিং ওয়াক ওয়েসহ সাইকেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, উন্নত বিশ্বের শহরগুলোর মতো চট্টগ্রামেও ধাপে ধাপে আধুনিক নগর ব্যবস্থাপনা চালু করা হবে, যা টেকসই উন্নয়নের একটি নতুন অধ্যায় সূচিত করবে।

 

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়িত হলে নগরীতে ব্যাপক শিল্পায়ন ঘটবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে উন্নত অবকাঠামো ও আন্তর্জাতিক মানের যোগাযোগব্যবস্থা অপরিহার্য। তিনি আরও যোগ করেন, বিমানবন্দর এলাকাটি শহরের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হওয়ায় এখানে নান্দনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি।

 

পতেঙ্গা সমুদ্র সৈকতের গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, প্রতিদিন হাজারো দর্শনার্থী এখানে ভিড় করেন। সৈকত ও বিমানবন্দর সড়ককে সংযুক্ত করে একটি নিরাপদ সাইকেল লেন নির্মিত হলে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে সমুদ্রতীর ঘুরে দেখতে পারবেন। এতে করে একদিকে যেমন যানজট ও দূষণ হ্রাস পাবে, অন্যদিকে নাগরিকদের মধ্যে স্বাস্থ্যসচেতন জীবনযাপনের উৎসাহ বাড়বে।

 

পরিদর্শন শেষে মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার কঠোর নির্দেশ দেন। পাশাপাশি নির্মাণকাজ চলাকালীন যেন সাধারণ মানুষের চলাচলে কোনো ভোগান্তি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও তাগিদ দেন তিনি।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট