
চট্টগ্রামের সাতকানিয়ায় ১০ শতক জমিতে চাষ করা সূর্যমুখী ফুলের বাগান রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক নুরুল ইসলাম জানান, বিগত বছর উপজেলা কৃষি অফিস পরীক্ষামূলকভাবে তেল উৎপাদনের জন্য সূর্যমুখী ফুলের চাষ করতে তাকে উদ্বুদ্ধ করেন। ১০ শতক জায়গায় সূর্যমুখী ফুলের চাষ করে খরচের দ্বিগুণ লাভ করেন। এবারও বিগত বছরের ধারাবাহিকতাই একই জায়গায় ফুল চাষ করেন। ফুলের সৌন্দর্য দেখে পথচারীরা বাগানে গিয়ে ফুল ধরে ছবি তুলে। ফুল ধরে ছবি তোলার দৃশ্য আমার ভালো লাগায় এতে আমি কাউকে নিষেধ করি নাই। বিষয়টি পার্শ্ববর্তী কৃষকরা সহ্য করতে পারেনি। শনিবার রাতের আঁধারে কে বা কারা জমির সব ফুল কেটে দিয়েছে, বিষয়টি আমার মনে খুব কষ্ট দিয়েছে।
নুরুল ইসলাম বলেন, কৃষি অফিস বলেছেন, সূর্যমুখী ফুলের তেল খুব উপকারী এবং দামি। একথা শুনে সূর্যমুখী ফুলের বাগান করতে আমি উৎসাহিত হয়েছি। এরকম আচরণে আমার আগ্রহ নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, আমি একজন জাত কৃষক। সবজি ও ধানসহ ১০ কানি জমির চাষাবাদ করে থাকি প্রতিবছর। অনেক সময় বন্যার পানিতে ফসল নষ্ট হয়ে যায়। এতে অনেক লোকসান হয়। সে সময় মনে তেমন আঘাত লাগেনি। আমার প্রশ্ন মানুষ কি সুন্দর ও ভালো জিনিসের কোন মূল্যায়ন করবে না ?
সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনে উপ-সহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। আগামীতে নুরুল ইসলামকে দিয়ে আরও বড় পরিসরে সূর্যমুখী ফুলের চাষ করা পরিকল্পনা রয়েছে। আইনগত ব্যবস্থা কৃষক চাইলে নিতে পারে, এতে আমি সহযোগিতা করব।
পূর্বকোণ/পিআর/এএইচ