
বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভিজ্ঞতার আলোকে দেশকে এগিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপিকে নির্বাচিত করুন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কলাবাগান মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি একমাত্র দল যারা দেশকে অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম। আসুন আমরা ১২ তারিখে এমন ব্যক্তিকে নির্বাচিত করি, এমন দলকে নির্বাচিত করি যাদের দেশ পরিচালনা অভিজ্ঞতা আছে।
তারেক রহমান বলেন, এমন দলকে আমরা নির্বাচিত করি যাদের কাছে দেশ ও দেশের মানুষের নিয়ে কর্মসূচি আছে, পরিকল্পনা আছে এবং বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোনো দলের কাছে সেই কর্মপরিকল্পনা বা অভিজ্ঞতা নেই।
তিনি বলেন, এই মুহূর্তে বিএনপির সামনে পরিকল্পনা আছে, যাদের কাছে দেশ ও জনগণের জন্য কর্মসূচি আছে। সবচাইতে বড় ব্যাপার– বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।
বিএনপি চেয়ারম্যান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সময় দেশ পরিচালনা করেছিলেন, উনি দুর্ভিক্ষ কবলিত একটি দেশে খাদ্য বৃদ্ধি দ্বিগুণ করেছিলেন।
শুধু তাই নয়, সেই খাদ্য উৎপাদন দ্বিগুণ করে উনি বিদেশে পর্যন্ত খাদ্য রপ্তানি করেছিলেন। বাংলাদেশের মানুষের খাদ্য সরবরাহ করার পরও দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, উনি বাংলাদেশে এত শিল্পকারখানা তৈরি করতে সক্ষম হয়েছিলেন, বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। বিদেশের সব পত্রিকা তখন বলতে বাধ্য হয়েছিল বাংলাদেশ হচ্ছে একটি ইমার্জিং টাইগার।
তারেক রহমান বলেন, শুধু তাই নয়, খালেদা জিয়ার সময় দেখেছি কীভাবে তিনি নারীদের শিক্ষাব্যবস্থা ফ্রি করেছিলেন, মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাব্যবস্থা ফ্রি করেছিলেন।
প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো থেকে প্রমাণিত হয়, এই কাজগুলো থেকে প্রমাণিত হয় যে, বিএনপি একমাত্র দল যারা দেশকে অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম।
তিনি বলেন, ১২ তারিখে নির্বাচন, এই নির্বাচন সেই নির্বাচন যেই নির্বাচনের জন্য বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছে। যেই নির্বাচন বা যেই রাজনৈতিক অধিকার বা যেই ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল।
বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ডসহ দেশ ও জনগণকে নিয়ে দলের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
সমাবেশ মঞ্চে তারেক রহমান ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য ভোট চান।
পূর্বকোণ/এএইচ