চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

তিন পার্বত্য জেলায় এবার ১০৮ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে

সুষ্ঠু নির্বাচন ও জন নিরাপত্তায়

তিন পার্বত্য জেলায় এবার ১০৮ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে

বান্দরবান প্রতিনিধি

৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৫৯ অপরাহ্ণ

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও জন নিরাপত্তায় এবার তিন পার্বত্য জেলায় ১০৮ প্লাটুন (২ হাজারেরও বেশি) বিজিবি সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে বান্দরবানে ২৫ প্লাটুন, রাঙামাটিতে ৪৪ প্লাটুন ও খাগড়াছড়িতে ৩৫ প্লাটুন বিজিবি সদস্য কাজ করবে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় র‌্যাপিড একশন টিম ও হেলিকপ্টারে কুইক রেসপন্স টিম কাজ করবে। অন্যদিকে সীমান্ত নিরাপত্তায় বিজিবির বিশেষ টিম কাজ করছে।

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সরকারি কলেজ কেন্দ্রে বিজিবি বান্দরবান সেক্টর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল মো. রুবাইয়াত জামিল সাংবাদিকদের জানান, বান্দরবানের ১৬৯ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান জেলায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) হতে রুমা এবং রোয়াংছড়ি উপজেলায় ৭ প্লাটুন, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) হতে বান্দরবান সদর এবং থানচি উপজেলায় ৭ প্লাটুন ও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) হতে লামা এবং আলীকদম উপজেলায় ৭ প্লাটুনসহ সর্বমোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

 

বিজিবি বান্দরবান সেক্টর সর্বমোট ২২টি বেইজ ক্যাম্প থেকে নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী থানচি এবং আলীকদম উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

 

সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারের সাথে বিজিবির বান্দরবানের বলিপাড়া ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, উপ-অধিনায়ক মেজর ইমাম উল আজিমসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে ভারত ও মিয়ানমার সীমান্তে অস্ত্র চোরাচালান মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি তল্লাশি অভিযান ও টহল জোরদার করেছে।

 

উল্লেখ্য, বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে এবার বিএনপি, এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের মোট চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট