চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

টেকনাফে বিদেশি পিস্তলসহ তিন ডাকাত আটক

টেকনাফে বিদেশি পিস্তলসহ তিন ডাকাত আটক

টেকনাফ সংবাদদাতা

১৩ এপ্রিল, ২০২৬ | ৯:১৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন— উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হাসিমের পুত্র মোহাম্মদ নবী (৩০), বালুখালী এলাকার নুরুল আলমের পুত্র নুরুল আমিন (২৮) এবং একই এলাকার আব্দুল মজিদের পুত্র মো. শাহজাহান (২৯)।

 

পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতদল উখিয়া থেকে টেকনাফের বাহারছড়ায় আসছে এমন সংবাদ পেয়ে শামলাপুরগামী একটি সন্দেহজনক ইজিবাইককে গরুর বাজার এলাকায় থামানোর নির্দেশ দেওয়া হয়। এ সময় যাত্রীরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মোহাম্মদ নবী নামের এক আসামির উরুর সাথে বিশেষ কায়দায় লুকানো একটি বিদেশি ৭.৬২ ক্যালিবারের অস্ত্র উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে তারা উখিয়ার বালুখালী বাজার থেকে অস্ত্রটি সংগ্রহ করে বাহারছড়া ইউনিয়নে ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিল। অভিযানে ডাকাতদের ব্যবহৃত ইজিবাইক এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট