চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে ও রগ কেটে হত্যা, আটক ২
নিহত যুবক মো. শামীম

সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে ও রগ কেটে হত্যা, আটক ২

সীতাকুণ্ড সংবাদদাতা

৯ এপ্রিল, ২০২৬ | ১১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ব শত্রুতার জের ধরে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে একদল দুস্কৃতিকারী। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

 

নিহত যুবকের নাম মো. শামীম (৪০)। তিনি সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার মো. আবুল মনসুরের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার শামীমের স্ত্রী কিছু স্বর্ণালংকার বন্ধক দিয়ে টাকা নিয়ে মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখীল এলাকায় বাপের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার পর সেখানে (শ্বশুর বাড়ি) যান শামীমও। সেখানে যাবার পর পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় দুই যুবকের নেতৃত্বে একদল দুস্কৃতিকারী শ্বশুর বাড়ি থেকে শামীমকে তুলে নিয়ে মারতে মারতে বেড়িবাঁধে নিয়ে যায়। সেখানে পিটিয়ে গুরুতর আহত করার পর তার রগ কেটে হত্যা করে ফেলে রেখে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সন্দেহভাজন দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়।

 

নিহতের ভাই মো. সেলিম জানান, বুধবার সন্ধ্যায় তার স্ত্রী সীতাকুণ্ড বাজারে কিছু স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়ে বাপের বাড়ি ভাটেরখীল যান। শামীমও রাতে সেখানে (শশুরবাড়ি) যান। রাত ৮টার সময় শ্বশুরবাড়িতে যাওয়ার পর স্থানীয় ৩০ থেকে ৪০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল শশুর বাড়ি থেকে শামীমকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা করে লাশ বেড়িবাঁধ তলতলা নামক স্থানে ফেলে রেখে যায়। আমার ভাইয়ের সাথে অনেকদিন ধরে দ্বন্দ্ব ছিল তাদের। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করে দুই সন্ত্রাসী ও তাদের দোসররা।

 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করা হচ্ছে না। যারা হত্যা করেছে আর যে হত্যার শিকার হয়েছে তাদের কারো পূর্বের রেকর্ড ভালো না। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট