চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’র অভিযোগ, আত্মহত্যা সাজাতে মরদেহ ঝুলিয়ে উধাও স্বামী

গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’র অভিযোগ, আত্মহত্যা সাজাতে মরদেহ ঝুলিয়ে উধাও স্বামী

কক্সবাজার সংবাদদাতা

৮ এপ্রিল, ২০২৬ | ১১:১৮ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ইউনিয়নের তেতৈয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম নূর আয়েশা (২৭)। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী মাহবুব আলম পলাতক রয়েছেন।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার বাসিন্দা নাজির হোসেনের ছেলে মাহবুব আলমের সঙ্গে বিয়ের পর থেকেই নূর আয়েশার ওপর যৌতুকের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। নিহতের মা নূর খাতুনের অভিযোগ, মঙ্গলবার রাতেও যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চরম বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আয়েশাকে বেধড়ক মারধর করেন মাহবুব। আয়েশা নিস্তেজ হয়ে পড়লে ঘটনাটি ‘আত্মহত্যা’ হিসেবে চালিয়ে দিতে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে ঘর থেকে পালিয়ে যান স্বামী।

 

হাসপাতাল ও মর্গ প্রাঙ্গণে শোকাতুর মা নূর খাতুন বিলাপ করে বলেন, “টাকার জন্য বিয়ের পর থেকেই আমার মেয়েটাকে ওরা সুখে থাকতে দেয়নি। মঙ্গলবার রাতেও তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি খুনি মাহবুবের ফাঁসি চাই।”

 

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, নিহতের শরীরে ধস্তাধস্তি বা আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, “মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তবে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।”

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট