
চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘক্ষণ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন ব্যবসায়ী নাসির উদ্দিন (৪০)।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদের দিন হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কের পৌরসভার কড়িয়ার দীঘিপাড় সংলগ্ন এলাকায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় নাসির উদ্দিন গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে (ICU) স্থানান্তর করা হয়। কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর মঙ্গলবার গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত নাসির উদ্দিন হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডের আজিমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি হাটহাজারী পৌর সদরের বাস স্টেশন এলাকায় মুদি ব্যবসা করতেন। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ