চট্টগ্রাম সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬

কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ১৫

কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ১৫

মিরসরাই সংবাদদাতা

৬ এপ্রিল, ২০২৬ | ১:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। অবস্থা গুরুতর হওয়ায় ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

আহতরা হলেন- এমরান হোসেন (৪৫), আব্দুল রহমান (৬৮), আক্তার হোসেন (১৫), ফরিদ মিয়া (৫০), সাজেদা বেগম (৫৩), তানজিলা সরকার (১৬), মঈনুল হোসেন (৫৫) ফারুক (৩৮), আবুল হোসেন (৪২), ওমর আলী (৬০) কফিল উদ্দিন (৭০), জাহানারা (৪১), হালিম (৪৫), এবং সাহেব আলী (৪৮)। তারা সকলে কুমিল্লা জেলার তিতাস এলাকার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তান নগরে একটি পাম্পে জ্বালানি তেলের জন্য লম্বা লাইনের কারণে যানবাহনের ধীর গতি শুরু হয়। এসময় চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ছেড়ে আসা একটি বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের ৩৭ যাত্রীর মধ্যে ১৫ যাত্রী আহত হন।

 

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘ফটিকছড়ি দরবার শরীফ থেকে কুমিল্লার গৌরীপুর যাওয়ার পথে মস্তাননগর এলাকায় কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। আমরা এসে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করছি চালকের চোখে ঘুমের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।’

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তানভীর হাসান বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে নিয়ে আনা হয়। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করি। বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট