
চট্টগ্রামের মিরসরাইয়ে দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে মো. আলমগীর (৩৩) নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসীম ও সাধারণ সম্পাদক এস.এম মুরাদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত মো. আলমগীর মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত মঙ্গলবার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিসে গাড়িতে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে অন্তত ৮ জন আহত হন। এই সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর এবং অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ কালা।
উক্ত ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার রাতেই দস্যুতার একটি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালাকে জোরারগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে এবং তাকেও দল থেকে বহিষ্কার করা হয়। এরই ধারাবাহিকতায় এবার যুবদল নেতা আলমগীরকেও দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল সংগঠনটি।
এই বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এম মুরাদ চৌধুরী জানান, দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মো. আলমগীরকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি প্রদান করেন যে, দলের দায়িত্বে থেকে কেউ যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ