
সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ১ এপ্রিল সংশ্লিষ্ট সূত্র এই উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, গত ৩১ মার্চ বিকেলে নৌবাহিনীর একটি টহল দল নিয়মিত কার্যক্রম পরিচালনার সময় সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রলারসহ সেখানে থাকা ১৫ জন জেলেকে উদ্ধার করেন।
উদ্ধারকৃত জেলেরা জানান, গত ২৭ মার্চ তাদের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। এরপর থেকে তারা দিকভ্রান্ত হয়ে গভীর সমুদ্রে ভাসছিলেন। সমুদ্রে ভাসমান থাকাকালীন তাদের কাছে থাকা খাদ্য ও বিশুদ্ধ পানি শেষ হয়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগের শিকার হন।
উদ্ধারের পর নৌবাহিনীর সদস্যরা জেলেদের দ্রুত সেন্টমার্টিনস্থ নৌবাহিনী ফরোয়ার্ড বেইজে নিয়ে যান। সেখানে তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া সকল জেলে সুস্থ ও নিরাপদ আছেন এবং বুধবার (১ এপ্রিল) তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ