চট্টগ্রাম বুধবার, ০১ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে দুই দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, পরিবারের উদ্বেগ

মিরসরাইয়ে দুই দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, পরিবারের উদ্বেগ

মিরসরাই সংবাদদাতা

১ এপ্রিল, ২০২৬ | ১১:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে মো. রবি নামে এক পাইকারি সবজি ব্যবসায়ী গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রবি মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের গোভনীয়া গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মিরসরাই পৌরবাজারে পাইকারি সবজির ব্যবসা করে আসছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩১ মার্চ) প্রতিদিনের মতো সকালে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রবি। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, সেদিন দুপুর পর্যন্ত তাকে ব্যবসা প্রতিষ্ঠানে দেখা গেছে। তবে সন্ধ্যা থেকে পরিবারের সদস্যরা তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পান। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

এই ঘটনায় নিখোঁজ ব্যবসায়ীর পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। রবির ভাই শহীদ বলেন, “তিনি নিয়মিত ব্যবসায়িক কাজে বাইরে যেতেন, তবে এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা খুবই দুশ্চিন্তায় আছি এবং প্রশাসনের কাছে দ্রুত তাকে খুঁজে বের করার আকুতি জানাচ্ছি”।

 

ব্যবসায়ী নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট