
চট্টগ্রামের পটিয়ায় একটি ওয়েল্ডিং মেশিনের আগুনের ফুলকি থেকে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরনা ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান ঘাটার একটি মসজিদের কাছে ওই তুলার গুদামের পাশেই একটি ওয়েল্ডিং কারখানায় কাজ চলছিল। কাজ করার সময় ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ উড়ে গিয়ে গুদামে রাখা তুলার স্তূপে পড়লে আগুনের সূত্রপাত হয়। তুলা দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই গুদামে থাকা তুলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে পটিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাশের ওয়েল্ডিং কাজের আগুনের ফুলকি থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি; বিষয়টি বর্তমানে তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ