
চট্টগ্রামের মিরসরাই করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গাছ ও বালু বোঝাই গাড়ি থেকে টাকা আদায়কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সাদ্দাম হোসেন পিন্টু, মো. আনোয়ার, ধলা মিয়া, মোহাম্মদ রাসেল এবং মো. ফারুকের নাম নিশ্চিত হওয়া গেছে। সংঘর্ষ চলাকালীন বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়, যা পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক দিয়ে আসা কাঠবাহী ট্রাক থেকে ১ হাজার টাকা এবং বালুবাহী ট্রাক থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হতো। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আলমগীর ও স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালার নেতৃত্বে এই অর্থ তোলা হতো। তবে গত ১২ ফেব্রুয়ারির পর থেকে নুর উদ্দিনসহ কয়েকজন টাকা তোলার দায়িত্ব নিলে দুই গ্রুপের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। মঙ্গলবার টাকা তোলার দায়িত্বে থাকা ফারুকের ওপর আলমগীরের লোকজন হামলা করলে সংঘর্ষটি বড় আকার নেয় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্রাক ও বালুর গাড়ি থেকে চাঁদা আদায় এবং মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিএনপির এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। এর আগে বনবিভাগের এক কর্মকর্তাকে মারধরের ঘটনাও ঘটেছে এবং এসব কর্মকাণ্ডে এলাকায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের তথ্যমতে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ