চট্টগ্রাম সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

অবৈধভাবে মাটিকাটা বন্ধের দাবিতে রাউজান ভূমি অফিস চত্বরে অবস্থান কর্মসূচি

অবৈধভাবে মাটিকাটা বন্ধের দাবিতে রাউজান ভূমি অফিস চত্বরে অবস্থান কর্মসূচি

রাউজান সংবাদদাতা

৩০ মার্চ, ২০২৬ | ১০:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে ফসলি জমি ও পুকুর থেকে অবৈধভাবে মাটিকাটা বন্ধের দাবিতে উপজেলা ভূমি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

 

সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন সমাজকর্মী ও এনসিপি নেতা মো. জাহেদুল করিম বাপ্পী।

 

অবস্থান কর্মসূচি চলাকালে জাহেদুল করিম বাপ্পী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

বক্তব্য প্রদানকালে বাপ্পী অভিযোগ করেন যে, রাউজানে অবাধে মাটিকাটার ফলে এলাকার পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে এবং বিভিন্ন প্রাকৃতিক সমস্যার সৃষ্টি হচ্ছে।

 

তিনি আরও উল্লেখ করেন যে, এর ফলে একদিকে যেমন এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে নির্বিচারে আবাদি জমি ও পুকুর কাটার ফলে কৃষি উৎপাদনও চরম হুমকির মুখে পড়ছে।

 

স্থানীয় সচেতন মহলও এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

 

আন্দোলনস্থলে তার হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে বিভিন্ন সচেতনতামূলক ও প্রতিবাদী স্লোগান দেখা যায়, যেমন— “মাটি আমার মা, তাকে কাটতে দেব না”, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে, মাটি কাটা রুখতে হবে”, এবং “সোনার মাটি কাটা বন্ধ হোক, কৃষকের মুখে হাসি ফুটুক”।

 

এছাড়া অন্যান্য প্ল্যাকার্ডে লেখা ছিল— “ফসলি জমির মাটি কাটা আইনের চোখে অপরাধ, দেশের জন্য সর্বনাশ”, “মাটিখেকোদের ধর, আইনি শাস্তি দে” এবং “উর্বর মাটি রক্ষা করুন, কৃষি উৎপাদন সচল রাখুন”।

 

আন্দোলনকারীর দাবি, উর্বর ফসলি জমি রক্ষায় এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন যেন অতি দ্রুত কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণ করে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট