
চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজ হওয়ার চার দিন পর শাহাল শীল (৩৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি পাহাড়ি এলাকা থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাহাল শীল পুরানগড় ইউনিয়নের বড়ুয়া পাড়া, শীলঘাটা এলাকার ফনিন্দ্র শীলের ছেলে। তিনি পেশায় একজন নাপিত ছিলেন এবং বাড়ি বাড়ি গিয়ে চুল কাটার কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা জানান, শাহাল শীল কাজের প্রয়োজনে প্রায়ই কয়েকদিনের জন্য বাড়ির বাইরে থাকতেন, তাই শুরুতে নিখোঁজ হওয়ার বিষয়ে তারা তেমন উদ্বিগ্ন হননি। তবে শুক্রবার দুপুরে স্থানীয় কিছু ব্যক্তি পাহাড়ে কাজ করতে গিয়ে দুর্গন্ধ পান এবং পরে সেখানে একটি অর্ধগলিত লাশ দেখতে পান।
বিষয়টি সাতকানিয়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিবারের সদস্যদের খবর দেয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শাহাল শীলের মরদেহ শনাক্ত করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
পূর্বকোণ/সিজান/পারভেজ