
সাতকানিয়া উপজেলার নলুয়া ও ঢেমশা এলাকায় কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার উদ্দেশ্যে নির্মিত একটি কৃত্রিম বাঁধ কেটে দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় কয়েক ঘণ্টাব্যাপী এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে মাটি কাটার সুবিধার্থে এই কৃত্রিম বাঁধটি নির্মাণ করেছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। অভিযানে বাঁধটি সম্পূর্ণ কেটে ফেলা হয় যাতে প্রাকৃতিক পানি প্রবাহ স্বাভাবিক থাকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।
অভিযান শেষে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, “বাঁধ তৈরি করে মাটি কেটে পরিবেশ ধ্বংসের কোনো সুযোগ নেই”।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে, অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।
অভিযানে ইউএনও ছাড়াও সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক এবং সেনাবাহিনীর একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ