
আসন্ন বর্ষা মৌসুমে কক্সবাজার শহরের চিরচেনা জলাবদ্ধতা নিরসনে কঠোর অবস্থান নিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
শুক্রবার (২৭ মার্চ) সকালে তিনি শহরের বিভিন্ন এলাকায় চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং এই কাজে কোনো প্রকার শিথিলতা না দেখানোর জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে দেখা যায়, সকাল ১১টায় শহরের ৮ নম্বর ওয়ার্ডের বৌদ্ধ মন্দির সড়ক এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ তদারকি করছেন এমপি কাজল। তিনি সরাসরি পরিচ্ছন্নতা কর্মীদের সাথে কথা বলেন এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি বলেন, “শহরকে বাসযোগ্য ও নান্দনিক রাখতে নিয়মিত পরিচ্ছন্নতার বিকল্প নেই। নর্দমায় জমে থাকা ময়লা ও পানি ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের প্রধান উৎস। তাই ড্রেন পরিষ্কার রাখা শুধু জলাবদ্ধতা নিরসন নয়, বরং জনস্বাস্থ্যের জন্যও জরুরি”। তিনি শহরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলে সচেতন হওয়ারও আহ্বান জানান।
অভিযান চলাকালীন ড্রেন পরিষ্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় কয়েকটি ভাসমান দোকান তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, তারাবনিয়ার ছড়া এলাকাটি পাহাড়ি হওয়ায় পলিমাটি ও অপরিকল্পিত আবর্জনার কারণে ২০ ফুট প্রশস্ত ড্রেনটির অধিকাংশ ভরাট হয়ে গেছে। এই সংকট নিরসনে আজ শুক্রবার থেকেই পৌরসভার নিজস্ব একটি স্কেভেটর (খননযন্ত্র) ও দুটি ট্রাক নিয়মিতভাবে ছড়া খননের কাজে যুক্ত হচ্ছে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘খাল খনন প্রকল্প’-এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই জরুরি ভিত্তিতে এই খনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, গত ১৪ মার্চ ৭ নম্বর ওয়ার্ডের তারাবনিয়ার ছড়া পয়েন্টে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
পরিদর্শনকালে পৌরসভার পরিচ্ছন্নতা শাখার পরিদর্শক কবির হোছাইনসহ সুপারভাইজার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আশাবাদ ব্যক্ত করেন যে, নিয়মিত তদারকি এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে এবারের বর্ষায় শহরবাসী জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাবেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ