চট্টগ্রাম শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

দীঘিনালায় আগুনে পুড়ল ৩৫ দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি

২৭ মার্চ, ২০২৬ | ১২:০৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী বাজারে ভয়াবহ আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে বাজারের কাপড়ের গলিতে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দোকানের গলিতে ঝুলে থাকা বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। ফলে মুহূর্তেই ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

খবর পেয়ে দীঘিনালা জোনের সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

দীঘিনালা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা পংকজ জানান, ৩৫টি দোকান আগুনে পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জুতার দোকান, স্বর্ণ, সেলুন, ও কাপড়ের দোকান রয়েছে।

বোয়ালখালী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, বাজারের কাপড় গলির কোনো একটা দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কাপড়ের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট