
বোয়ালখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা যেন এই দেশে সম্মানের সাথে বসবাস করতে পারেন, সেই দায়িত্ব আমাদের সবার।
তিনি আরও উল্লেখ করেন যে, তাঁদের মহান আত্মত্যাগের বিনিময়েই আমরা এই স্বাধীন দেশ পেয়েছি এবং এখন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্য চলাকালে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, মুক্তিযোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া বর্তমান সময়ের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় চাঁদাবাজি, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় রোধে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তানদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে এবং সমাজ সেবা কর্মকর্তা পিপুল নাথের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এবং দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ খান, মো. নুরুন্নবী চৌধুরী, হামিদুল হক মান্নান এবং বীর মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র বড়ুয়া ও মহসিন খান তরুণসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পূর্বকোণ/সিজান/পারভেজ