
চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের সরোয়ার বাজার-সংলগ্ন সাঙ্গু নদে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও বিষের বোতল উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন—উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমিরখীল গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (৫৫), নুরুল হক (৩১) ও জাহাঙ্গীর আলম (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সাঙ্গু নদে বিষ প্রয়োগ করে অবৈধভাবে মাছ শিকার করে আসছিলেন। বৃহস্পতিবার ভোরে তারা পুনরায় নদীতে বিষ প্রয়োগ করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়। কয়েক কিলোমিটার ধাওয়া করার পর তাদের আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরবর্তীতে জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিয়ে আসে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনতার হাতে আটক ৩ অভিযুক্তকে আটক করে তাদের কাছ থেকে মাছ ও বিষের বোতল জব্দ করা হয়েছে।
সাতকানিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, আটক ব্যক্তিদের বর্তমানে উপজেলা পরিষদ কমপ্লেক্সে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মৎস্য আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ