চট্টগ্রাম বুধবার, ২৫ মার্চ, ২০২৬

কক্সবাজারের জুলাই যোদ্ধাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
নিহত খোরশেদ আলম

কক্সবাজারের জুলাই যোদ্ধাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

কক্সবাজার সংবাদদাতা

২৫ মার্চ, ২০২৬ | ১০:৪০ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকায় খোরশেদ আলম নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সৈকতের কবিতা চত্বরসংলগ্ন বালিকা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

নিহত খোরশেদ আলমের বাড়ি শহরের পাহাড়তলী এলাকায়।

 

কক্সবাজারের যুবদল নেতা কানন বড়ুয়া বিশাল জানান, খোরশেদ জুলাই আন্দোলনের একজন যোদ্ধা ছিলেন। মঙ্গলবার রাতে পরিচিত কয়েকজন ব্যক্তি খোরশেদকে ফোন করে কবিতা চত্বরের পাশে বালিকা মাদ্রাসা এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং শরীরের বিভিন্ন অংশের রগ কেটে দেয়।

 

খোরশেদ আলমের পিতা বলেন, আমার এমন একজন শান্তশিষ্ট ছেলে যার কোনো শত্রু থাকতে পারে, তা বিশ্বাস করতে পারছি না। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার সন্তান মারা গেলে আমি খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি।

 

স্থানীয়রা জানান, এলাকায় খোরশেদের মতো ভদ্র ছেলে খুব কমই আছে। তার সঙ্গে কারও কোনো শত্রুতা বা মারামারির বিন্দুমাত্র নজির নেই। ছিনতাইকারীর কবলে পড়ে নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

 

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের এই সম্মুখযোদ্ধার আকস্মিক ও নির্মম হত্যাকাণ্ডে স্থানীয়দের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন তার সহযোদ্ধা ও পরিচিতজনরা।

 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হিমেল রায় দৈনিক পূর্বকোণকে বলেন, খোরশেদ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একটি বিশেষ দল ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম একযোগে কাজ শুরু করেছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট