
কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকায় খোরশেদ আলম নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত খোরশেদ বৈষম্যবিরোধী আন্দোলনেের একজন সম্মুখসারির যোদ্ধা ছিলেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সৈকতের কবিতা চত্বরসংলগ্ন বালিকা মাদ্রাসা এলাকার অন্ধকারে এই ঘটনা ঘটে।
কক্সবাজারের যুবদল নেতা কানন বড়ুয়া বিশাল জানান, খোরশেদ জুলাই আন্দোলনের একজন সাহসী যোদ্ধা ছিল। মঙ্গলবার রাতে পরিচিত কয়েকজন ব্যক্তি খোরশেদকে ফোন করে কবিতা চত্বরের পাশে বালিকা মাদ্রাসার দিকে নির্জন এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে অন্ধকার ও ফাঁকা জায়গায় দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে এবং হাত ও পায়ের রগ কেটে দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
খোরশেদ আলমের পিতা আহাজারি করতে করতে বলেন, ‘আমার এমন একজন শান্তশিষ্ট ছেলে যার কোনো শত্রু থাকতে পারে, তা বিশ্বাস করতে পারছি না। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার সন্তান মারা গেলে আমি খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি।’
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রায় পূর্বকোণকে জানান, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সৈকতের কবিতা চত্বর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন খোরশেদ। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একটি বিশেষ দল ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম একযোগে কাজ শুরু করেছে।
পূর্বকোণ/পিআর