
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া নয়া পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল বকেয়া (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। আহত জান্নাতুল বকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী এবং কক্সবাজার জেলার ঈদগাহ এলাকার ইফতেখার মাহবুবের স্ত্রী।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জান্নাতুল বকেয়া কক্সবাজার থেকে ‘পূর্বানী’ পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পদুয়া নয়া পাড়া এলাকায় বাসটি থামলে তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য নিচে নামেন। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এতে তার ডান পায়ের গোড়ালির উপরের অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি মাথায়ও প্রচণ্ড আঘাত পান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি নিশ্চিত করেন যে, দুর্ঘটনায় আহত নারীর ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মাথায় আঘাত লেগেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ