
কক্সবাজারের পেকুয়ায় নিজগ্রামে ঈদ উদযাপন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯ টায় পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এরপর সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। তারপর উপজেলা মাঠ পরিদর্শন করেন এবং মাঠ দ্রুত সংস্কারের জন্য নির্দেশ দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমগ্র দেশের সকল মানুষকে জানাই আন্তরিক ঈদ মোবারক। এই পবিত্র দিনে আমরা দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করে আমাদের প্রিয় দেশকে আরও এগিয়ে নিয়ে যাই। এটাই হোক আমাদের আজকের দিনের প্রকৃত আনন্দ।
রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের জন্য এটি গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। এ বিষয়ে আমরা সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি। বর্তমান সরকার এই সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং প্রয়োজনীয় তদন্ত ও কার্যক্রমে অংশ নেবে। সর্বোপরি, এই দুটি বিষয়—বৈশ্বিক প্রতারণা প্রতিরোধ এবং রোহিঙ্গা প্রত্যাবাসন—আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর কার্যকর সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য, এবং আমরা সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।
এরপর মন্ত্রী সকাল ১০ টার দিকে মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে বাবা-মা’র কবর জিয়ারত করেন।
পূর্বকোণ/পিআর