
চট্টগ্রামের মিরসরাই বারইয়ারহাট পৌরসভায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই রাতের আঁধারে আবু উসামা সুপার মার্কেটের চতুর্থ তলার নির্মাণ কাজ চালানোর অভিযোগ উঠেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে নির্মাণ কাজ বন্ধ করে নির্মাণ সামগ্রী জব্দ করে।
জানা গেছে, বারইয়ারহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ওই মার্কেটটির কেবল তৃতীয় তলা পর্যন্ত নির্মাণের অনুমোদন রয়েছে। কিন্তু ভবন মালিক হাজী নুরুল আবছার নিয়ম অমান্য করে চতুর্থ তলার নির্মাণ কাজ শুরু করেন।
বিষয়টি নজরে এলে গত বছরের ৪ ডিসেম্বর পৌর কর্তৃপক্ষ তাকে চিঠি দিয়ে কাজ বন্ধের নির্দেশ দেয়। সে সময় ভবন মালিক কাজ করবেন না বলে জানালেও সম্প্রতি পুনরায় রাতের আঁধারে নির্মাণ কাজ শুরু করেন।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌর প্রশাসক সোমাইয়া আক্তারের নির্দেশে এবং জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। বারইয়ারহাট পৌরসভার প্রধান প্রকৌশলী সমর কান্তি মজুমদার জানান, মালিক নিয়মনীতি তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছিলেন, যা সম্পূর্ণ অবৈধ।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা এই অবৈধ নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, তিন তলার ভিতে চতুর্থ তলা নির্মাণ করলে ভবিষ্যতে ভবনটি ভূমিকম্পে ধসে পড়ার ব্যাপক ঝুঁকি রয়েছে। জনবহুল এই এলাকায় ভবন ধসলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মনির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই নির্মাণ শ্রমিকরা পালিয়ে যায়। তবে কাজ বন্ধ করে নির্মাণ সামগ্রী জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ