
চট্টগ্রামের বাঁশখালীতে কোস্টগার্ড পূর্ব জোনের টহলদল একটি সফল অভিযান পরিচালনা করে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৪ জেলেকে আটক করেছে ।
সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টায় অভিযান চালিয়ে শেখেরখীল ফাঁড়ির মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বিএন সুমন আল মুকিত অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, বাঁশখালী শেখেরখীল ফাঁড়ির মুখমাছ গার্ড সংলগ্ন এলাকায় অবৈধ ট্রলিং বোটের অবস্থানের খবর পেয়ে তারা সেখানে অভিযান চালান।
অভিযানকালে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করার পাশাপাশি তল্লাশি চালিয়ে আনুমানিক ৪ লক্ষ টাকা মূল্যের জাল এবং ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে অবৈধ ট্রলিং সরঞ্জামাদি বিনষ্ট করা হয়েছে।
এছাড়া জব্দকৃত সামুদ্রিক মাছগুলো নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ জরিমানাস্বরূপ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সমুদ্রের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ