
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাকের বাজার স্থিতিশীল রাখতে এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় সীতাকুণ্ডে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ মার্চ) বিকেলে পৌরসদর বাজারে পরিচালিত এই অভিযানে অতিরিক্ত মূল্যে পোশাক বিক্রির দায়ে দুটি দোকানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লা আল মামুন।
অভিযান চলাকালে পৌরসদর বাজারের ‘ক্লাসিক কালেকশন’ নামক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা এবং ‘পোশাক বাজার’ নামক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন জানান, অনেক দোকানি অতিরিক্ত দামে পোশাক বিক্রি করে সাধারণ ক্রেতাদের ঠকাচ্ছেন। অভিযান চলাকালে ওই দুই প্রতিষ্ঠান কাপড় ক্রয়ের সুনির্দিষ্ট তথ্য ও রসিদ প্রদর্শন করতে ব্যর্থ হয়। এর ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের এই জরিমানা প্রদান করা হয়।
তিনি আরও সতর্ক করে বলেন, ঈদের কেনাকাটায় এ ধরনের প্রতারণা বন্ধ করতে এবং বাজারমূল্য সহনীয় রাখতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ