চট্টগ্রাম সোমবার, ১৬ মার্চ, ২০২৬

সর্বশেষ:

হালদায় অভিযানে ৮৮০০ মিটার অবৈধ জাল জব্দ

হালদায় অভিযানে ৮৮০০ মিটার অবৈধ জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

১৬ মার্চ, ২০২৬ | ৯:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের হালদা নদীর মা মাছ এবং প্রজনন পরিবেশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।

 

সোমবার (১৬ মার্চ) ভোর ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত এই অভিযান চালিয়ে নদী থেকে ৮,৮০০ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।

 

হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী এই অভিযান পরিচালনা করেন।

 

অভিযান চলাকালে হাটহাজারী উপজেলার মাদার্শা মাছুয়াগোনা থেকে ছিপাতলী পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। এ সময় পুরালি স্লুইচগেট সংলগ্ন এলাকা থেকে ২টি, আইডিএফ হ্যাচারির পাশ থেকে ১টি, চেংখালি স্লুইচগেট সংলগ্ন এলাকা থেকে ১টি, মেখলের মোজাফফরপুর থেকে ১টি এবং ছিপাতলী এলাকা থেকে ৩টিসহ মোট ১১টি চরঘেরা জাল জব্দ করা হয়।

 

মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, জব্দকৃত এই অবৈধ জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সহায়তা করেন হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার, তানভীর ও আলাউদ্দিন।

 

উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী জানান, সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষা এবং কার্প জাতীয় মাছসহ অন্যান্য মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট