
চট্টগ্রামের সাতকানিয়ায় বসতঘরের পাশে খড়কুটোয় আগুন দিয়ে খেলার সময় সেই আগুনে পুড়ে জাহেদা আক্তার (১৪) এবং আব্দুল মালেক (৩) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৫ মার্চ) বিকেলে এওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লটমনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু লক্ষীপুর জেলার মো. হাসানের সন্তান। হাসান পরিবার নিয়ে লটমনি এলাকার ‘জেএমবি ব্রিকস’ নামক একটি ইটভাটায় দিন মজুরের কাজ করতেন।
জানা গেছে, নিহত জাহেদা আক্তার ও আব্দুল মালেক মা-বাবার সাথে ইটভাটায় শ্রমিকদের থাকার অস্থায়ী বসতঘরে থাকতো। বসতঘরটি পলিথিন কাগজ দিয়ে মোড়ানো ছিল। মা-বাবা কাজে যাওয়ার পর নিহত শিশু জাহেদা ও মালেক খেলার ছলে বসতঘরের পাশের কিছু খড়কুটোয় আগুন দিয়ে কক্ষে ঢুকে যায়। এর পর আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়লে ভাই-বোন আগুনে পুড়ে মারা যায়।
সাতকানিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা সিরাজ কুতুবী বলেন, খবর পেয়ে আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর দুই শিশুর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, ঘটনার স্থানটি বাঁশখালী সীমান্তে হওয়ায় বাশঁখালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ