
টেকনাফের নাফ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় সাড়ে ২২ কেজি ওজনের একটি বিশালাকায় কোরাল মাছ। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে মাছটি ধরা পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়।
পরে টেকনাফের হ্নীলা এলাকার মাছ ব্যবসায়ী আলী আহমদ জেলের কাছ থেকে ২৫ হাজার ৫০০ টাকা দিয়ে এটি কিনে নেন। ব্যবসায়ী আলী আহমদ জানান, মাছটি একদম তরতাজা ছিল এবং পরে হ্নীলা বাজারে নিয়ে কেটে প্রতি কেজি ১,২০০ টাকা দামে খুচরা বিক্রি করা হয়েছে।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা এই বিষয়ে বলেন যে, নাফ নদীর কোরাল মাছের স্বাদ অত্যন্ত চমৎকার হওয়ায় বাজারে এর বিশেষ চাহিদা রয়েছে।
তিনি আরও জানান, মাঝে মাঝে এই নদীতে জেলেদের জালে বা বড়শিতে এমন বড় আকারের কোরাল মাছ ধরা পড়ে থাকে।
পূর্বকোণ/সিজান/পারভেজ