চট্টগ্রাম শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে ‘রাজস্থান’ পাঞ্জাবিসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা  

হাটহাজারীতে ‘রাজস্থান’ পাঞ্জাবিসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা  

হাটহাজারী সংবাদদাতা

১৩ মার্চ, ২০২৬ | ৭:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে রাখতে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত পৌরসভার কাচারি সড়কসহ উপজেলার বিভিন্ন বিপণিবিতানে এই বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে রাজস্থান পাঞ্জাবির শোরুমসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে ফুটপাত দখল, পণ্য ক্রয়-বিক্রয়ের সঠিক রসিদ সংরক্ষণ না করা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা না রাখার দায়ে ৫টি মামলায় ৫ জন দোকানিকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে কাচারি সড়কের শোরুম ‘রাজস্থান পাঞ্জাবী’র মুশফিকুর রহমানকে ২০ হাজার টাকা এবং জুয়েল নামে অন্য একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আবু তাহের, লোকমান এবং মো. রায়হান রাজু—প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

অভিযান প্রসঙ্গে ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, “পবিত্র রমজান ও আসন্ন ঈদে মানুষ যেন নির্বিঘ্নে এবং ন্যায্যমূল্যে কেনাকাটা করতে পারে, তা নিশ্চিত করতেই এই তদারকি চালানো হচ্ছে”।

 

তিনি আরও উল্লেখ করেন যে, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট