
চট্টগ্রামের পটিয়া পৌরসভার একটি ভাড়া বাসা থেকে কাজী জান্নাতুল ফেরদৌস সুমাইয়া (২৪) নামে এক নববিবাহিত গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় পৌরসভার বাহুলী এলাকার একটি ভবনের পঞ্চম তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া পটিয়া উপজেলার ১৬ নম্বর কচুয়াই ইউনিয়নের উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া এলাকার আব্দুল করিমের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র চার মাস আগে শরিয়ত অনুযায়ী তার বিয়ে হয়েছিল এবং এরপর থেকে তিনি স্বামীর সঙ্গে ওই ভাড়া বাসায় থাকতেন।
নিহতের বাবা আব্দুল করিম জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে তার ভাগ্নি সুমি তাকে ফোন করে জানান যে, সুমাইয়ার বাসার দরজা ভেতর থেকে বন্ধ এবং জানালা দিয়ে ভেতরে রক্ত দেখা যাচ্ছে। সংবাদ পেয়ে তিনি শহর থেকে দ্রুত পটিয়ায় পৌঁছান এবং পুলিশকে সাথে নিয়ে সন্ধ্যা ৬টার দিকে বাসায় যান।
পুলিশ ও স্থানীয়রা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ড্রইংরুমের বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখতে পান। পরে শয়নকক্ষে গিয়ে দেখা যায়, সুমাইয়া ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন। ঘরের মেঝেতেও রক্ত ছিল এবং নিহতের দুই হাতে কাটার দাগ দেখতে পান স্বজনরা।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পূর্বকোণ/সিজান