চট্টগ্রাম বুধবার, ১১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

রামুতে ইজিবাইক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই

রামুতে ইজিবাইক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই

কক্সবাজার সংবাদদাতা

১১ মার্চ, ২০২৬ | ৮:১২ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে শামসুল আলম (৩৫) নামে এক ইজিবাইক (মিশুক) চালককে পরিকল্পিতভাবে হত্যা করে তার গাড়িটি ছিনতাই করেছে একটি সংঘবদ্ধ চক্র।

 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রামু উপজেলার জোয়ারিয়ানালা বন শিল্প উন্নয়ন করপোরেশন পরিচালিত রাবার বাগান সংলগ্ন একটি পাহাড়ি ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত শামসুল আলম কক্সবাজার পৌরসভার পাহাড়তলী খাজা মঞ্জিল এলাকার আশরাফ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং গাড়ি চালিয়েই তাঁর পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় বাড়িতে বাজার দিয়ে পুনরায় গাড়ি চালানোর উদ্দেশ্যে বের হয়েছিলেন শামসুল। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অজ্ঞাত লাশের ছবি দেখে স্বজনরা রামু থানায় গিয়ে তাঁকে শনাক্ত করেন। স্বজনদের ধারণা, নির্জন এলাকায় নিয়ে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে গাড়িটি ছিনতাই করা হয়েছে।

 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ নির্জন পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ওসি আরও জানান, অপরাধীদের চিহ্নিত করতে এবং ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করতে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে । এই ঘটনায় রামু থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট