
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। গত দুই দিনে উপজেলার সুন্দরপুর ও নারায়ণহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বালু ও মাটি ভর্তি ৫টি গাড়ি জব্দ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে-র নেতৃত্বে নারায়ণহাট ইউনিয়নের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বালু ভর্তি ডাম্প ট্রাক ও ১টি জিপ গাড়ি জব্দ করে পুলিশ।
এর আগে, গত ১০ মার্চ মধ্যরাতে সুন্দরপুর ইউনিয়নের হালদার চরে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ১টি বালু ভর্তি এবং ২টি মাটি ভর্তি জিপ গাড়ি আটক করা হয়েছে। সব মিলিয়ে সুন্দরপুর ইউনিয়ন থেকে ৩টি এবং নারায়ণহাট ইউনিয়ন থেকে ২টি গাড়ি জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, নদী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই তৎপরতা শুরু হয়েছে। জনস্বার্থে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ